৫ মামলায় ওয়াক্কাসের জামিন
পুলিশ হত্যাসহ ‘হেফাজতকাণ্ড’ ও হরতালের ৫ মামলায় জামিন পেয়েছেন হেফাজতের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাস।
সাত মামলার জামিন চাওয়ার পর সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ ছয় মাসের জন্য ৫ মামলায় জামিন মঞ্জুর করে।
গত বছরের হেফাজতের সমাবেশের পরদিন ৬ মে পল্টন ও মতিঝিল থানায় এসব মামলা দায়ের করা হয়। মামলায় জঙ্গি কায়দায় হামলা, পুলিশের উপর আক্রমণ, পুলিশ হত্যা, ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
খোন্দকার দিলীরুজ্জামান সাংবাদিকদের বলেন, জামিনের বিরুদ্ধে আমরা আপিল করবো।
গত ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মালিবাগ থেকে মোহাম্মদ ওয়াক্কাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
