ভাষা আন্দোলনের স্মৃতি চারণায় মুগ্ধ অনুজরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের জন্য রোববার দিনটি ছিল অন্যরকম এক আবহের।
এদিন বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করে অনুজদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন অগ্রজরা।
অনুজ শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে ভাষা আন্দোলনের স্মৃতিচারণা ও আলোকচিত্র প্রদর্শনী পরিণত হয়েছিল বর্তমান ও প্রাক্তনদের মিলনমেলায়।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে রোববার দুপুরে অনুষ্ঠিত হলো ‘বাংলায় দেখি স্বপ্ন বাংলায় বাঁধি সুর’ শীর্ষক ভাষা আন্দোলনের স্মৃতিচারণা ও আলোকচিত্র প্রদর্শনী।
অনুষ্ঠানটি স্কুল মাঠে হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা ছন্দপতন ঘটে। পরে মূল অনুষ্ঠানটি হয় হলরুমে। তবে শিক্ষার্থীদের উপস্থিতিতে হল ছিল কানায় কানায় পূর্ণ। এক পর্যায়ে হলে জায়গা না পেয়ে শিক্ষার্থীদের হলরুমের বাইরে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের ইতিহাস শুনতে দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত নবম শ্রেণীর শিক্ষার্থী রুবায়েত খন্দকার বায়ান্নর ভাষা আন্দোলনে সরাসরি জড়িতদের মুখে সে সময়কার উত্তাল দিনগুলোর কথা শুনে উচ্ছ্বসিত।
“এতো দিন শুধু শহীদ ভাষা সৈনিক সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের নাম জানতাম। আর জীবিত এক-দুজনের। আজ কয়েকজন ভাষা সৈনিককে এক সঙ্গে দেখবো, তাদের কথা শুনবো কোন দিন ভাবি নাই।”
কথার এক ফাঁকে অভাবনীয় এই সুযোগটি দিতে স্কুলের ‘বড় ভাইদের’ ধন্যবাদও দিয়ে দেয় রুবায়েত।
স্কুলের অনুজ শিক্ষার্থীদের সঙ্গে ভাষা সৈনিকদের মুখোমুখি করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজক সংগঠনটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
সুপ্রীম কোটের এই আইনজীবী বলেন, “স্কুল শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইয়ের মাধ্যমে খুব স্বল্পভাবে ভাষা আন্দোলন সম্পর্কে জ্ঞান লাভ করে। তারা মূলত কয়েকজন শহীদের নাম জানে।
“আমাদের উদ্দেশ্য হলো জীবিত ভাষা সৈনিকদের সঙ্গে তাদের মুখোমুখি করা।”
এর ফলে এ প্রজন্মের শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হয়েছে বলে তিনি মনে করেন।
নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা অনুষ্ঠান বিষয়ে কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, “শিক্ষার্থীরা নিজে আগ্রহী হয়েই ভাষা আন্দোলনের ছবি ও ভাষা সৈনিকদের বক্তব্য শুনেছে। শিক্ষার্থীরা এই আয়োজনে ব্যাপক অনুপ্রাণিত হয়েছে। ফলে শেষ পর্যন্ত অন্য শ্রেণীর শিক্ষার্থীরাও আয়োজনে অংশ নেয়।”
মহতী এই আয়োজনে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, “বাংলাদেশের স্বাধীনতার প্রথম বীজ বপন হয়েছিল ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে।
“১৯৪৭ সালে ভারত বিভক্তির পর বাঙালি জাতি তাদের আলাদা জাতিসত্তা পেতে আন্দোলন শুরু করে। আর আমাদের স্বাধীনতাযুদ্ধের আন্দোলন শুরু হয়েছিল মূলত ১৯৫২ সালে।
তিনি বলেন, “যদিও একে বলা হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলন। তবুও এটাকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় এবং এটা ছিল পরবর্তী সব আন্দোলনের সূচনাস্বরূপ।
“এর ধারাবাহিকতায় আমরা ছয় দফা, গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ পেয়েছি এবং তার ভিত্তিতে একটি স্বাধীন দেশ পেয়েছি।”
সে সময় পূর্ব পাকিস্তানের ৬৩ শতাংশ মানুষের ভাষা বাংলা থাকা সত্বেও পশ্চিম পাকিস্তানিরা তা কেড়ে নিয়ে বাঙ্গলীদের উপর উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, “বাঙালি জাতি সেই ঘটনার প্রতিবাদ জানায় এবং এর সূত্র ধরে ১৯৭১ সালে একটি স্বাধীন সার্বভৌম দেশ লাভ করি আমরা।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আহমদ রফিক, কাজী এবাদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক শরিফা খাতুন প্রমুখ।
