শোকগ্রস্ত বেনাপোলে ৭ শিশুকে চিরবিদায়
সড়ক দুর্ঘটনায় একসঙ্গে নিহত সাত শিশুকে চিরবিদায় জানিয়েছে যশোরের বেনাপোলবাসী।
যশোরের চৌগাছায় বাস খাদে পড়ে নিহত সাত স্কুলশিশুর জানাজা রোববার বেনাপোলে অনুষ্ঠিত হয়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যশোরের চৌগাছায় বাস খাদে পড়ে নিহত সাত স্কুলশিশুর জানাজা রোববার বেনাপোলে অনুষ্ঠিত হয়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
যশোরে দুর্ঘটনা: ২ কৃষকসহ ৪ জনকে আসামি করে মামলা
পিকনিকের বাস পুকুরে, ৭ শিশু নিহত
শনিবারের ওই দুর্ঘটনায় প্রাণহানিতে শার্শা উপজেলায় সব বিদ্যালয়ে সোমবার ছিল ছুটি, ওড়ে কালো পতাকাও।
সাত শিশু হারানোয় পৌরসভায় তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন মেয়র আশরাফুল আলম লিটন।
যশোরে নিহতদের স্মরণে সোমবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগে বিশেষ দোয়া করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জানিয়েছেন।
শার্শা উপজেলার বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বনভোজনের বাস মেহেরপুর থেকে ফেরার পথে শনিবার রাতে চৌগাছা উপজেলায় উল্টে পুকুরে পড়লে সাত শিক্ষার্থী নিহত হয়।
লাশ রাত গভীর রাতে বেনাপোলে আনার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে দুপুরে একসঙ্গে সবার জানাজার প্রস্তুতি নেয় স্থানীয় প্রশাসন।
রোববার বেলা ২টায় বেনাপোলের ‘বলফিল্ডের’ মাঠে জানাজায় অংশ নেয় কয়েক হাজার মানুষ। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষও অংশ নেন সেখানে।
যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম, স্থানীয় মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানাজায় ছিলেন।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধুসহ এলাকার রাজনৈতিক নেতারাও এই জানাজায় শরিক হন।
জানাজায় ইমামতি করেন বেনাপোল জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল মজিদ।
জানাজা শেষে দাফনের জন্য সাত শিশুর লাশ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে যায়।
নিহতরা হল- ছোট আচড়া গ্রামের সৈয়দ আলীর দুই মেয়ে সুরাইয়া আফরিন (৫ম শ্রেণি) ও জেবাইয়া আফরিন (৩য় শ্রেণি), কালুমিয়ার মেয়ে রুনা (৪র্থ শ্রেণি), লোকমান আলীর ছেলে শান্ত (৫ম শ্রেণি), ইউনূস আলীর মেয়ে মিতালী ওরফে মিথীলা (৫ম শ্রেণি), হাসান আলীর মেয়ে আঁখি (৫ম শ্রেণি) ও সেকেন্দার আলীর ছেলে সাব্বির (৪র্থ শ্রেণি)।
সবার বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে। নিহত সাত শিশুর মধ্যে পাঁচজনের বাড়িই ছোটআচড়া গ্রামে। অন্যদের মধ্যে সাব্বিরের বাড়ি গাজীপুরে এবং আঁখীর বাড়ি নামাজগ্রামে।
ছোটআজড়া গ্রামের বাসিন্দারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সুরাইয়া ও জেবাইয়ার মা মারা গেছেন প্রায় দুই বছর আগে। বাবা দেখতেন না বলে নানা মোমরেজ সর্দারের কাছেই থাকত দুই বোন।
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি বাসে করে শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগরে বনভোজনে যায়। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার ঝাউতলায় ইটভাটার কাছে মাটিবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে একটি বাস উল্টে পাশের পুকুরে পড়ে যায়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আওরঙ্গজেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় আহত মোট ৪৬ শিক্ষক-শিক্ষার্থীকে তারা চিকিৎসা নিয়েছেন।
কয়েকজনকে যশোর আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালেও ভর্তি করা হয়।
পরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও আড়াইশ’ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকে ১৪ জনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানান।
আহতদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
সাত শিশু নিহতের ঘটনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে শোকপালন চলছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল বলেন, শোক পালনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একদিনের ছুটি ঘোষণা করা হয়। সব শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা ওড়ানো হয়।
নিহত শিশুদের স্মরণে উপজেলার সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রোববার দোয়া-মাহফিলের আয়োজন করা হয় বলেও জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন রোববার থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন, যা মাইকে প্রচার করা হয়েছে।
