২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নির্বাচন নিয়ে বিভক্ত বিএনপি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে গাইবান্ধা সদরে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 09:17 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

ইতোমধ্যে দলের পক্ষ থেকে জেলা সভাপতি অভিন্ন প্রার্থীর নাম ঘোষণা করলেও শনিবার সাধারণ সম্পাদক নতুন করে নাম ঘোষণা করেন।

আগামী ১৫ মার্চ তৃতীয় পর্যায়ে সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শহরের একটি কমিউনিটি সেন্টারে বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আযম ডলার এক সংবাদ সম্মেলনে নতুন তিনজনকে দলের প্রার্থী ঘোষণা দেন।

এরা হলেন চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান সরকার টুলু, ভাইস চেয়ারম্যানে মোশাররফ হোসেন বাবু এবং মহিলা ভাইস চেয়ারম্যানে সুলতানা খন্দকার মনি।

সংবাদ সম্মেলনে তিনি দলের জেলা সভাপতি আনিসুজ্জামান খান বাবুর এর আগের ঘোষণাকে অনিয়ম ও সভাপতির একক সিদ্ধান্ত বলে জানান।

তাই তিনি ১৯ দলের মনোনীত তিন প্রার্থীর নাম ঘোষণা করেন বলে দাবি করেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি দলের জেলা সভাপতি আনিসুজ্জামান খান বাবু ১৯ দলীয় জোট সমর্থিত তিন জনের নাম ঘোষণা করেছেন।

তারা হলেন চেয়ারম্যান পদে মিজানুর রহমান মিজান, ভাইস চেয়ারম্যানে মোর্শেদ হাবিব সোহেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শিল্পী খাতুন।

এ ব্যাপারে আনিসুজ্জামান বাবু বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতেই ১১ ফেব্রুয়ারি তিন জনের নাম ঘোষণা করা হয়েছে। গাওছুল আযমের দলীয় প্রার্থী ঘোষণার কোনো এখতিয়ার নেই।