যাত্রাবাড়িতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।
যাত্রাবাড়ি থানার এস আই এমরানুল ইসলাম জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সুতিখালপাড় বালুর মাঠ এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
নিহত দুজন হলেন- সালাউদ্দিন (২৯) ও তার সহযোগী জুয়েল (২৮) ।
পুলিশ বলছে, তারা দুজনই বিভিন্ন 'সন্ত্রাসী কর্মকাণ্ডে' জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে যাত্রাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে।
এসআই এমরান বলেন, "বিকালে যাত্রাবাড়ির কাজলা নয়ানগর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। সুতিখালপাড় বালুর মাঠে পৌঁছানোর পর সন্ত্রাসীরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।"
গোলাগুলির মধ্যে সালাউদ্দিন ও জুয়েল ঘটনাস্থলেই নিহত হন বলে জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার এবং তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
“সালাউদ্দিনের বিরুদ্ধে পুলিশ সোর্স অমিত, রাব্বী, আলমগীরসহ অন্তত চারটি হত্যায় জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে জুয়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আহত চার পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
