সিরাজগঞ্জে সাইফুল হত্যার আরেক আসামির লাশ উদ্ধার
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার আরেক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
কামারখন্দ থানার এসআই আব্দুল বাছেদ জানান, শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের দক্ষিণপাশে জাহাঙ্গীর আলম (৪৫) নামে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
“স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জাহাঙ্গীরের মাথায়ও জখমের চিহ্ন পাওয়া গেছে।”
জাহাঙ্গীর সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চেতুলিয়া গ্রামের দেলোয়ার হোসেন দেলার ছেলে। সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার ১৬ নম্বর আসামি ছিলেন তিনি।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি এ মামলার প্রধান আসামি জবান আলীর (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
তার আগে ৩০ জানুয়ারি এ মামলার আসামি বাবলু মিয়া (২৭) র্যর্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। তিনি জবান আলীর অন্যতম সহযোগী ছিলেন বলে পুলিশের দাবি।
সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম
সদর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে (৪০) গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এসআই বাছেদ জানান, জাহাঙ্গীরের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি।
গত ১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে এসে বিএনপি নেতা জমির উদ্দিন সরকার দাবি করেন, জবান আলী, বাবলু ও জাহাঙ্গীরকে ঢাকা থেকে আটক করে নিয়ে যায় র্যাব।
এর মধ্যে র্যর্যাব বাবলুকে ‘ক্রসফায়ারে হত্যা করলেও’ বাকি দুজনকে ‘গুম করেছে’ বলে সেদিন অভিযোগ করেন তিনি।
জাহাঙ্গীরের স্ত্রী রোজিনা খাতুন বলেন, “আমার স্বামীকে ১৯ জানুয়ারি রাতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঢাকার জয়দেবপুর থেকে ধরে নিয়ে যায়। তার সঙ্গে জবান আলীও ছিল।”
জাহাঙ্গীর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ‘আদম ব্যবসায়’ জড়িত ছিলেন বলে তার স্ত্রীর দাবি।
সিরাজগঞ্জে সাইফুল হত্যার প্রধান আসামির লাশ উদ্ধার
