টাঙ্গাইলের বিস্ফোরণে নিহত সুফিয়ানের স্বজনদের মাতম
টাঙ্গাইলে মর্টার শেল বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য আবু সুফিয়ানের কুড়িগ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
সিপাহী আবু সুফিয়ান কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মালিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বুধবার টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরিত হয়ে দুই সেনা সদস্য ও চার বিজিবি সদস্য নিহত হন। আহত হন অন্তত ১০ জন।
সুফিয়ানের বাবা আব্দুর রাজ্জাক যাকে সামনে পান তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন।
“পিতার ঘারে সন্তানের লাশ’-এ কোন পরীক্ষায় ফেললে আল্লাহ। আমার জীবনের বিনিময়ে হলেও আমার সন্তানকে ফিরিয়ে দাও,” বাবার এ আহাজারিতে সবার চোখে জল আসে।
মা মনোয়ারা বেগম ছেলের কথা বলতে বলতে মূর্ছা যাচ্ছেন বারবার।
পাঁচ ভাইয়ের মধ্যে সুফিয়ান সবার বড়। তিনি জয়পুরহাটের ৩ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
সুফিয়ানের ৬ মাস বয়সী ফাদিয়া মায়ের কান্না দেখে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। বাবা ডাকতে শেখার আগেই বাবাকে হারাল। পাঁচ বছর বয়সী মেয়ে ফারজানার কান্না কেউ থামাতে পারছে না।
বাবার কফিনের পাশে বসে ফারজানার আহাজারি- “বাবা, ওঠো, আমাকে কোলে নাও।”
স্বজনদের এমন কান্নায় মালিপাড়া গ্রামের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ কেউ চোখে পানি ধরে রাখতে পারছে না।
কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, বিজিবির একটি দল বৃহস্পতিবার রাত ৩টার দিকে তার লাশ এম্বুলেন্স যোগে বাড়িতে নিয়ে আসে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় স্থানীয় পরমালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
