২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অপহরণের দুই ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

বাগেরহাটের মোড়েলগঞ্জে অপহরণের দুই ঘণ্টার মাথায় এক চিংড়ি ঘের ব্যাবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 01:41 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

অপহরণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে পিস্তলসহ আটক করা হয়েছে।

মোড়েলগঞ্জ থানার ওসি আবদুর রকিব খান জানান, বৃহস্পতিবার রাতে মোড়েলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামে আবু বক্কর শরীফ ওরফে টিটু শরীফ (৩৮) নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ব্যবসায়ী আবদুর রবকে উদ্ধার করা হয়।

ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে একটি চায়ের দোকান থেকে আব্দুর রবকে অস্ত্রের মুখে অপহরণ করেন টিটু শরীফ।

“স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পেয়ে রাত ৮টার দিকে পুলিশ খারুইখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার একটি চিংড়ি ঘের থেকে আহত আবদুর রবকে উদ্ধার করা হয়।”

ওসি বলেন, রবের চিংড়ি ঘেরের দখল নিয়ে বিবাদের জেরেই তাকে অপহরণের কথা টিটু স্বীকার করেছেন। অপহরণের পর রবকে মারধরও করা হয়।

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবদুর রব এ ঘটনায় একটি মামলা করেছেন।