বসন্ত বাতাসে মেতে ছিল চট্টগ্রাম
মৃদুমন্দ দখিনা বাতাস, পলাশ-শিমুলের রঙের ছড়াছড়ি আর পাখির ডাকের সঙ্গে মিলেমিশে একাকার শিশুদের কলতানে বসন্তের প্রথম দিনে মুখর ছিল চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণ।
প্রকৃতির সাথে একাত্তনতা প্রকাশ করে বৃহস্পতিবার সকালে বসন্ত সাজ আর ইচ্ছের রঙে রাঙা পোশাকে নানা বয়সী মানুষ প্রিয়জনদের নিয়ে চলে আসে ডিসি হিলে। মেতে ওঠে বসন্ত বরণে।
ঘড়ির কাটায় ঠিক ৯টায় বেহালার সুরে বসন্তের চিরায়ত সঙ্গীতের সুর ‘আহা আজি এ বসন্তে’ বেজে ওঠার মধ্য দিয়েই শুরু হয় বাংলা বসন্তের মাদকতা।
বোধন আবৃত্তি পরিষদের স্লোগানেও ছিল কবিগুরু রবীন্দ্রনাথ। ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ আবৃত্তি করার মধ্য দিয়ে সংগঠনটি শুরু করে ‘বসন্ত উৎসব-১৪২০’।
‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’, ‘আজি দখিন পালে দোলা লাগিল’ এমন সব গানের সঙ্গে শিশুদের ছোট আলতা রাঙা পায়ের নুপুরের ঝঙ্কার পাহাড়ের দিকে দিকে ছড়িয়ে দেয় আনন্দবার্তা।
এরপর নাচে গানে আবৃত্তিতে দিনভর জমজমাট চলতে থাকে বসন্তের আয়োজন।
উৎসবে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া তাবাসসুম বলেন, “শহর জীবনে ঋতুর আনাগোনা টের পাওয়া খুব কঠিন। আলাদা করে এমন দিন এখন তাই উদযাপনের উপলক্ষ।”
আবৃতিশিল্পী সোহেল আনোয়ারের আবৃত্তিতে ছিল নগরবাসীর প্রতি আহ্বান। ‘ওরে গ্রহবাসী, খোল দ্বার খোল, লাগলে যে দোল’।
মঞ্চে একক সঙ্গীত নিয়ে আসেন শ্রেয়সী রায়। ‘ওডিসি টেগোর অ্যান্ড ডান্স মুভমেন্ট’ আয়োজনে নাচটি যেন ছিলো খোদ বসন্তের রূপ।
এরপর একে একে নৃত্য পরিবেশন করে ঘুঙুর নৃত্যকলা, নটরাজ নৃত্যাঙ্গন, দি স্কুল অব ফোক ডান্স, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, মায়াবী ডান্স একাডেমি ও সুরাঙ্গমা নৃত্যাঙ্গন।
দুপুরে ঢোল বাদন দিয়ে সকালের অধিবেশন শেষ হলেও
বিকালে নাচ-গান আর আবৃত্তিতে আবার মেতে ওঠে ডিসি হিল এলাকা।
বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে বসন্তবরণ উৎসবের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন।
বাবুল জলদাসের ঢোল বাদনের মধ্যদিয়ে শুরু হয় উৎসব। এর উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন শিকদার।
যন্ত্রসঙ্গীত আর আদিবাসী নৃত্যে রঙ্গিন হয়ে ওঠে শিল্পকলার মঞ্চ। কথামালা পর্বে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. চন্দন দাশ ও নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার।
প্রমা সভাপতি রাশেদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঙ্গালির নাগরিক জীবনে অনেক কিছুই হারিয়ে যেতে বসেছে। প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নাগরিকদের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন।”
প্রমার আয়োজনে সহযোগিতা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন ও জেলা শিল্পকলা একাডেমী।
এদিকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের মুক্তমঞ্চে বসন্তর বরণ অনুষ্ঠান করেছে উদীচী চবি সংসদ।
অনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় তাদের কর্মসূচি। এরপর গান, আবৃত্তি, নাচ, বাউল সঙ্গীত আর ‘অন্তর্যান’ ব্যান্ডের গান ছিল আয়োজনে।
অনুষ্ঠানের শুরুতে চবি উদীচী সংসদের সভাপতি গণেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন চবি নাট্যকলা বিভাগের প্রভাষক অসীম দাশ, সভাপতি কুন্তল বড়ুয়া, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, চবি সংসদের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ইউসুফ মুহম্মদ, সাবেক সভাপতি অধ্যাপক ড. ইরশাদ কামাল খান।
