প্রাথমিক সমাপনীতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা রোববার
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কারা বৃত্তি পেয়েছে তা জানা যাবে রোববার।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বৃত্তিপ্রাপ্তদের এই তালিকা প্রকাশ করবেন।
২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি দেয়া হচ্ছে। এর আগে, শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আলাদা করে পরীক্ষা নেয়া হত।
গত বছর প্রাথমিক সমাপনীতে ৫৪ হাজার ৫৩০ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এর মধ্যে ২১ হাজার ৯৮০ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১ হাজার ৪৬৮ জনকে সাধারণ বৃত্তি দেয়া হয়।
এছাড়া গত বছর এক হাজার ৮২ জনকে সম্পূরক বৃত্তি (নির্দিষ্ট ওয়ার্ডে কোটা পূরণ না হলে অন্য ওয়ার্ড থেকে বৃত্তি) দেয়া হয়েছিল।
মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে দুই শ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে দেড় শ’ টাকা করে পায়। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাই বছরে এককালীন দেড় শ’ টাকা করে পায়।
মোবাইলে বৃত্তির ফল জানতে DPE লিখে স্পেস দিয়ে থানা কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
প্রাথমিকে বৃত্তি পেল ৫৪ হাজার ৫৩০ জন
