২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে চট্টগ্রামে বসন্ত বরণ

ঋতুরাজ বসন্ত বরণ করতে চট্টগ্রামে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 06:15 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বৃহস্পতিবার ফাল্গুনের প্রথম দিনে নগরীর ডিসি হিলে দিনব্যাপী অনুষ্ঠানমালা নিয়ে আসছে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন বোধন।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, সংগীত, নৃত্য যন্ত্রসঙ্গীত ও ঢোলবাদন।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষাথীদের চিত্রাংকন পর্বও থাকছে।

‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ স্লোগান নিয়ে এই আয়োজন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

আবৃত্তি সংগঠন ‘প্রমা’ তাদের দিনব্যাপী কর্মসূচি রেখেছে নগরীর শিল্পকলা অ্যাকাডেমির মুক্তমঞ্চে।

ভারতীয় সহকারী হাই কমিশন ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রমার আয়োজন।

এতে থাকছে গান, আবৃত্তি, দলীয় নৃত্য, আদিবাসী নৃত্য, ঢোলবাদন, যন্ত্রসংগীত ও কথামালার আয়োজন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণেও পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এছাড়া বসন্ত বরণে চবিতে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ এই স্লোগানে আনন্দ শোভাযাত্রার পর সঙ্গীত, নাচ, বাউল গান ও অন্ধযান ব্যান্ডের গান পরিবেশিত হবে।