ফরমালিন: রাজধানীতে ১০ ব্যবসায়ীকে জরিমানা
ফরমালিন মেশানো ফল ও মাছ বিক্রির অপরাধে রাজধানীতে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপির সহকারী কমিশনার মো. রাজিব রায়হান জানান, বুধবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ফরমালিন যুক্ত মাছ বিক্রির অপরাধে সাতজনকে এবং একই কারণে তিন ফল বিক্রেতাকে অর্থদণ্ড দেয়া হয়।
এ সময় ওই এলাকার খাবারের দোকানগুলোতেও অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে আট হোটেল মালিককে জরিমানা করা হয়।
দণ্ডিত ১৮ ব্যবসায়ীর কাছ থেকে মোট দুই লাখ দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান রাজিব রায়হান।
তিনি বলেন, গত সপ্তাহে ডিএমপির এই বিশেষ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকায় অভিযান চালানো হবে।
