২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের রবার বুলেটে যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফের) সদস্যদের ছোড়া রবার বুলেটে আহত হয়েছেন এক বাংলাদেশি।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 04:40 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তের মেইন পিলারের কাছে এ ঘটনায় আহত চান্দু মিয়াকে (২২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, আহত চান্দু বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বদিরুদ্দিনের ছেলে। তার শরীরের কয়েকটি জায়গায় রাবার বুলেট বিদ্ধ হয়েছে।

তিনি বলেন, সকালের দিকে সীমান্তের কাছে চান্দুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে ধাওয়া করে ভারতের চ্যাংড়াবান্দা বিএসএফের টহল দল। এ সময় তাকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড রবার বুলেট ছোড়ে তারা।

চান্দু মিয়াকে প্রথমে বুড়িমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় গ্রামবাসী। সেখান থেকে তাকে পাঠানো হয় রংপুর মেডিকেলে।

স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক কল্লোল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান্দু মিয়ার কোমর, পিঠ ও পায়ে ক্ষত হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা হামিদ।