ইউসুফের যুদ্ধাপরাধ মামলা ‘সমাপ্ত’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির একেএম ইউসুফের মৃত্যু হওয়ায় তার বিরুদ্ধে মামলাটি আর না চালানোর সিদ্ধান্ত জানিয়েছে ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এই আদেশ দেয়।
আদেশে বলা হয়, মামলাটি শুধু অভিযুক্ত একেএম ইউসুফের বিরুদ্ধেই করা হয়েছিল। এ মামলায় অন্য কোনো অভিযুক্ত থাকলে তার মৃত্যুর পরেও মামলাটি চালানো যেত। সেক্ষেত্রে মামলাটির রায়ও ঘোষণা করা হতো। এখন একেএম ইউসুফের মৃত্যু হওয়ায় মামলাটি এখানেই সমাপ্ত করা হলো।
ইউসুফের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করে বিচারক বলেন, “তার মৃত্যুর ফলে একাত্তরের ক্ষতিগ্রস্তরাই শুধু বিচার থেকে বঞ্চিত হননি, তিনি নিজেও বিচারবঞ্চিত হলেন।”
গত ৯ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে ইউসুফকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই করোনারি কেয়ার ইউনিটে তিনি মারা যান।
চিকিৎসকরা সেদিন জানান, ইউসুফের ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বলেও তার আইনজীবী তাজুল ইসলাম জানিয়েছিলেন।
একাত্তরে হত্যা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ১৩টি অভিযোগে গত বছর ১ অগাস্ট ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার কাজও অনেকটা এগিয়েছিল। বুধবার থেকেই এ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা ছিল।
গত ৩০ জানুয়ারি এ মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের সব সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষ হয়।
বুধবার যুক্তিতর্ক শুরুর নির্ধারিত দিনে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলাটি চালিয়ে নেয়ার আবেদন জানানো হয়। আবেদনের শুনানি করেন প্রসিকিউটর হায়দার আলী।
তবে আবেদনের পক্ষে উপস্থাপিত যুক্তি ও নথিপত্র সন্তোষজনক না হওয়ায় সেটি গ্রহণ করেনি ট্রাইব্যুনাল।
আদেশে বলা হয়, ৯ ফেব্রুয়ারি একেএম ইউসুফের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এ মামলার সব কার্যক্রম স্থগিত করা হয়। মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়নি বলে এ মামলার রায় ঘোষণা করা সম্ভব যাচ্ছে না। তবে এর অর্থ এই নয় যে আসামি অভিযোগ থেকে খালাস পেয়েছেন।
“তিনি ১৯৭১ সালে গণহত্যাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, সহযোগিতা ও নিজেও অপরাধ সংগঠনের ১৩টি অভিযোগে অভিযুক্ত ছিলেন। তারপরও গত ৯ ফেব্রুয়ারি কারা হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হওয়ায় মামলাটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হলো “
এ মামলার যাবতীয় নথিপত্র ও রেকর্ড যথাযথভাবে সংরক্ষণেরও আদেশ দিয়েছে ট্রইব্যুনাল।
একেএম ইউসুফের ময়নাতদন্তের প্রতিবেদন এখনো ট্রাইব্যুনালের হাতে পৌঁছেনি জানিয়ে আদেশে বলা হয়, মামলা সমাপ্ত হলেও অভিযুক্তের মৃত্যুর প্রকৃত কারণ ট্রাইব্যুনালের জানা প্রয়োজন।
এ আদেশের অনুলিপি কারা ডিআইজি (প্রিজন) বরাবর পাঠানোরও নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
গতবছর ১২ মে প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিনই তাকে ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগ, একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীকে হত্যা-লুণ্ঠনে সহায়তা দেয়ার জন্য গঠিত সশস্ত্র বাহিনীর ‘রাজাকার’ নামটি ইউসুফই চালু করেন। তার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, পরামর্শ ও প্ররোচনায় একাত্তরে খুলনার বিভিন্ন এলাকায় গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী নানা অপরাধ সংঘটিত হয়।
দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড হলেও আইনটি বাতিল হলে তিনি ছাড়া পান।
