২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ‘অপহৃতের’ সন্ধান দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 07:57 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইসমাইল হোসেনকে অপহরণ করা হয়েছে দাবি করে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি করা হয়।

মানববন্ধনের পাশাপাশি শহরে বিক্ষোভ মিছিলও করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ‘অপহৃত’ ইসমাইলের ছোট ভাই আব্দুল মান্নান, ইসমাইলের স্ত্রী জোৎস্না বেগমসহ কয়েকজন প্রতিবেশী।

মান্নান জানান, ৭ ফেব্রুয়ারি একই এলাকার হাজী খলিল তার বাসায় যাওয়ার জন্য মোবাইল ফোনে ইসমাইল হোসেনকে ডাকলে তিনি বাড়ি থেকে বের হন।

“পথে মিজমিজি পাইনাদী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মোশারফ, নাছিরউদ্দিন, কাইয়ুমসহ ৫/৬ জন ইসমাইলকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যায়।”

এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, ইসমাইল হোসেনকে অপহরণের ঘটনায় তার ভাই আব্দুল মান্নান একটি মামলা করেছেন।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।