২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মধ্যবর্তী নির্বাচন মামার বাড়ির আবদার’

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা ‘নাকচ’ করে পাঁচ বছরের মেয়াদ শেষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আবার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 07:33 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “মধ্যবর্তী নির্বাচন মামার বাড়ির আবদার? নাকি ছেলের হাতের মোয়া- যে চাইলেই পাওয়া যাবে?  যথাসময়ে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই ৫ বছর পর জাতীয় নির্বাচন হবে।”

বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি এবং তেমন পরিস্থিতি সৃষ্টি করার মতো শক্তি বিএনপির নেই বলেও মন্তব্য করেন কামরুল।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন নির্বাচনী জনসভায় শেখ হাসিনা ইংগিত দেন, বিএনপির সঙ্গে ‘সমঝোতা হল ‘ দশম সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনও দেয়া হতে পারে।

তবে এর সঙ্গে বিএনপিকে ‘জামায়াতের সঙ্গ ও সহিংসতা’ ছাড়ার শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি।

নির্বাচনে জয়ের পরদিন ৬ জানুয়ারী রাজধানীর গণভবনে এক সংবাদ সম্মেলনেও ‘জামায়াতের সঙ্গ ছেড়ে’ বিএনপিকে সমঝোতায় আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ওই প্রস্তাবের জবাবে ৭ জানুয়ারি বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছিলেন, “বিএনপি তাদের রাজনীতির বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং কারো দ্বারা নির্দেশিত হবে না।”

এরপর মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট ও ‘সুশীল সমাজের’ একটি অংশের নানামুখী তৎপরতার মধ্যে মঙ্গলবার প্রেসক্লাবের সভায় খাদ্যমন্ত্রী কামরুল সরাসরিই বললেন, ‘পাঁচ বছর পরেই’ নির্বাচন হবে।

‘ধ্বংসাত্মক রাজনীতি পরিহার, উন্নয়ন ও শান্তির পক্ষে’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংগঠন জনতার প্রত্যাশা।

সভায় কামরুল বলেন, “এই সরকারের অধীনে জাতীয় নির্বাচনে না এলেও বিএনপি উপজেলা নির্বাচনে ঠিকই এসেছে। আজকে বিএনপির যে রূপ আপনারা দেখছেন তা আসল নয়, এরা সন্ত্রাসী। যে কোনো সময় তারা আসল সন্ত্রাসী রূপ ধারণ করতে পারে।”

জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিম এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।