২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: ২৪ পরীক্ষার্থী, ১ পরিদর্শক বহিষ্কার

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার বিভিন্ন বোর্ডে ২৪ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এদিন কারিগরি বোর্ডে একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 07:22 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

দ্বিতীয় পরীক্ষায় অনুপস্থিত ছিল পাঁচ হাজার ২১৪ জন শিক্ষার্থী।

পরীক্ষা উপলক্ষ্যে স্থাপিত শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার প্রথম দিন সারা দেশে ৬ হাজার ৭৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছিল ৯ শিক্ষার্থী।

এনিয়ে দু্ই পরীক্ষায় ১১ হাজার ৯৯২ পরীক্ষার্থী অনুপস্থিত এবং ৩৩ পরীক্ষার্থী বহিষ্কার হলো।

মঙ্গলবার ৮টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে।

আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে হাদীস শরীফ, কারিগরি বোর্ডের দাখিল ভোকেশনালে কুরআন মাজীদ ও তাজবীদ-২, সৃজনশীল ও এসএসসি ভোকেশনালে সামাজিক বিজ্ঞান-২ (সৃজনশীল/সাধারণ) পরীক্ষা হয়েছে।

নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়, দ্বিতীয় দিনে ঢাকা বোর্ডে ৯০৪, রাজশাহীতে ৩৩৯, কুমিল্লায় ৬০২, যশোরে ৪৫২, চট্টগ্রামে ৩১৯, সিলেটে ২০২, রবিশালে ২১২ এবং দিনাজপুর বোর্ডে ৩৫৯ জন অনুপস্থিত ছিল।

এছাড়া মাদ্রাসা বোর্ডে ৮৬৮ এবং কারিগরি বোর্ডে ৯৪৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অন্যদিকে নকল করার দায়ে কারিগরি বোর্ডে ১২, মাদ্রাসা বোর্ডে ৫, ঢাকা বোর্ডে ২, কুমিল্লা বোর্ডে ৩ এবং বরিশাল ও দিনাজপুর বোর্ডে একজন করে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ বছর দেশের দুই হাজার ৯৪২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭ হাজার ৪৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ৭ লাখ ৩৩ হাজার ২০২ ছাত্র এবং ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ ছাত্রী।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৩৯ হাজার ৭৪৯ এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ দুই হাজার ৪২৩ শিক্ষার্থী পরীক্ষায় বসেছে।

এবার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া বাকী ২১টি বিষয়ের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হবে।

২০ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ২৩ থেকে ২৭ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অর্থাৎ, ২০ মের মধ্যে ফল দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এবারো দৃষ্টি প্রতিবন্ধী ও সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিচ্ছে। এসব প্রতিবন্ধীর জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।