প্রধানমন্ত্রীর মুখ্যসচিব সোবহান সিকদার
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হলেন আবদুস সোবহান সিকদার, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নতুন দায়িত্বে তিনি শেখ মো. ওয়াহিদ-উজ-জামানের স্থলাভিষিক্ত হলেন। ওয়াহিদ-উজ-জামান মঙ্গলবারই অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাচ্ছেন।
১৯৮১ বিসিএস ব্যাচের কর্মকর্তা আবদুস সোবহান সিকদার ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি তার পিআরএলে যাওয়ার কথা।
এর আগে তিনি নৌ ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্বও পালন করেছেন। তার আগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ (আইএমইডি) এবং নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার আরো দুই সচিব ও দুই অতিরিক্ত সচিব পদেও রদবদল এনেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে শিক্ষার দায়িত্বে থাকা কামাল আবদুল নাসের চৌধুরীকে।
আর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. সাদিক হচ্ছেন নতুন শিক্ষাসচিব।
ইসি সচিবালয়ের তার জায়গায় ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম। আর ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোখলেসুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
কামাল আবদুল নাসের চৌধুরী সরকারি চাকরিতে যোগ দেন ১৯৮২ সালে।
১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লায় জন্ম নেয়া কামাল চৌধুরী তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং পরে তথ্যসচিব হন। সেখান থেকে তাকে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়।
২০১৬ সালের ৩০ ডিসেম্বর তার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ে দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ সাদিক সরকারি চাকরিতে আসেন ১৯৮২ সালে। তার জন্ম ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর, সুনামগঞ্জে।
কমিশনে আসার আগে বাংলাদেশ ইসস্টিটিউট অব অ্যাডমেনিসট্রেশন ম্যানেজমেন্টের (বিয়াম) মহাপরিচালক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
আগামী ১৮ সেপ্টেম্বর তার চাকরির মেয়াদ শেষ হবে।
