রাজশাহীতে গুলি কেন, জানতে চেয়ে নোটিস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ‘সাধারণ শিক্ষার্থীদের’ ওপর কেন গুলি চালানো হয়েছে- তা জানতে চেয়ে সরকারকে উকিল নোটিস দিয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
ফাইল ছবি ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ
খুশী কবির, স্বপন আদনান, রফিক উল্লাহ খান, মানস চৌধুরী, ফাহমিদুল হক, তানজিমুদ্দিন খানসহ কয়েকজন অধিকারকর্মী ও শিক্ষকের পক্ষে জ্যোতির্ময় বড়ুয়া এই নোটিস পাঠান।
জ্যোতির্ময় বড়ুয়া পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলি করার ক্ষেত্রে আইনে বেশ কিছু প্রক্রিয়া অবলম্বনের কথা বলা রয়েছে। আমরা নোটিসে সে সব প্রক্রিয়ার বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছি।”
এই নোটিস ডাকযোগে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী পুলিশ কমিশনার, রাজশাহীর মতিহার থানার ওসিকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স চালু ও ফি বাড়ানোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনে গত ২ ফেব্রুয়ারি চড়াও হয় পুলিশ। পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল ও শটগানের গুলিতে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী।
ওই ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদেরও অস্ত্র হাতে আন্দোলনরতদের ওপর হামলা চালাতে দেখা যায়। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়।
উকিল নোটিসে বলা হয়, “২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিভিন্ন টেলিভিশনের ভিডিওতে আমরা দেখেছি, পুলিশ এবং কিছু সংখ্যক শিক্ষার্থী আধুনিক অস্ত্র দিয়ে গুলি করে সান্ধ্য কোর্স বাতিল ও টিউশন ফি কমানোর দাবিতে আন্দোলনরত অনেক শিক্ষার্থীকে আহত করে। পরের দিনের পত্রিকায়ও এই ঘটনা এসেছে।
“গুলি করতে পুলিশকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আনুষ্ঠানিক আদেশ পেতে হয়। এর পূর্বে সমবেতদের বারবার সতর্ক করতে হয়। এটা করেছেন বলে আমার মক্কেলরা কোনো প্রমাণ পাননি। পুলিশ রেগুলেশন অনুসারে ঘটনার পর গুলি করার কারণ জানিয়ে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে হয়, যাতে বুলেটের সংখ্যা ও হতাহতদের বিবরণও উল্লেখ করতে হয়। এ ধরনের কোনো প্রতিবেদনও পাঠানো হয়নি বলে আমার মক্কেলদের বিশ্বাস।”
২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর গুলি ছোড়ার কারণ লিখিতভাবে জানাতে বলা হয় ওই নোটিসে। ওই ঘটনায় ‘পুলিশ বেগুলেশন’ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি-না, তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়।
একই সময়ের মধ্যে ওই প্রতিবেদনের একটি অনুলিপিও পাঠাতে বলা হয়। তা না হলে ‘আইনগত পদক্ষেপ’ নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
