‘খালেদা জিয়ার বক্তব্য কাণ্ডজ্ঞানহীন ও বিপদজ্জনক’
হত্যা, নির্যাতন ও গুমের বিষয়ে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার দেয়া তথ্য কাণ্ডজ্ঞানহীন এবং তা জাতির জন্য বিপদজ্জনক বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে তিনি সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বলেন, খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের নির্যাতন, তিন শতাধিক নেতাকর্মী হত্যা ও গুমের যে তথ্য উপস্থাপন করেছেন তা কাণ্ডজ্ঞানহীন এবং জাতির জন্য বিপদজ্জনক।
নির্বাচনে না গিয়ে হতাশা বোধ থেকেই বিএনপি নানা বিভ্রান্তিকর তথ্য জাতির সামনে উপস্থাপন করছে।
ফাইল ছবি
বিএনপি তিন শতাধিক নেতাকর্মী হত্যা ও গুমের অভিযোগ আনলেও কারা গুম ও খুন হলেন তাদের তিন থেকে পাঁচজনের নামও জানাতে পারেননি বলে দাবি করেন কাদের।
মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রী দুই পাশের জায়গা দখল করে দোকানপাট নির্মাণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ঠ প্রশাসনকে।
এ সময় স্থানীয় সাংসদ এনামুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
