চুয়াডাঙ্গায় ট্রলি উল্টে নিহত ২
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রলি উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ভুলটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গরু ব্যবসায়ী নাজিম উদ্দিন (৫৫), ট্রলি চালক জিয়াউর রহমান (৩০)। দুজনেই দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে করে চন্ডিপুর থেকে গরু নিয়ে সদর উপজেলার বদরগঞ্জ বাজারে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে যায়।
এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন ও জিয়াউর মারা যান। আহত হন আরেক গরু ব্যবসায়ী তেতুল শেখ (৫৫)।
