২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস উল্টে যাত্রী নিহত, ৫ ঘণ্টা পর সহকারীকে উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলায় বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত ২০জন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 10:43 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

কচুয়া থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় বাগেরহাট-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এর পাঁচ ঘণ্টা পর বাস কেটে ভেতরে আটকে থাকা চালকের সহযোগীকে জীবিত উদ্ধার করেন খুলনা থেকে আসা অগ্নিনির্বাপক কর্মীরা।

নিহত ইলিয়াস শেখের (৩৮) বাড়ি সদর উপজেলার ফতেহপুর গ্রামে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাগেরহাট ফায়ার ব্রিগেডের উপসহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, চালকের সহকারী মান্না কাত হয়ে যাওয়া বাসের নিচে চাপা পড়েছিলেন। শরীরের অর্ধেক আটকে থাকায় তিনি নড়তে পারছিলেন না।

“আমাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় তাকে বের করতে পারিনি। পরে খুলনার একটি ইউনিট এসে বাস কেটে মান্নাকে জীবিত উদ্ধার করে।”

মান্নাসহ ১৪ জনকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের আশপাশের স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ফখরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে ‘দিগন্ত পরিবহনের’ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহায়তায় ২১ যাত্রীকে উদ্ধার করা হয়।”

ওই বাসে অন্তত ৩০/৩৫ জন যাত্রী ছিল বলে জানান তিনি।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা হলেন-  ইব্রাহীম মীর (৫৫), মোহম্মদ আলী শেখের (৪৫), লিপি বেগম (২০), জয়নাল মোল্লা (৫০), বেবী বেগম (২১), আনাজ সেপাই (২০), আল আমিন (৩২), অলীপ কুমার সাহা (৪৬), লুৎফর শিকদার (৬০), নয়ন মিনা (৩০), রাহেন উদ্দিন (৫৫), বুলু বেগম (৩০) এবং সাজেদুল কাজী (৫০)।

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে ইব্রাহীম ও মোহম্মদ আলীর অবস্থা গুরুতর। তাদের মাথায় আঘাত লেগেছে।

নিহত ইলিয়াস পেশায় বাসচালক ছিলেন। ভোরে তিনি বাড়ি থেকে পিরোজপুরের মহিষপুরা বাসস্ট্যান্ডে কাজে যাওয়ার জন্য ওই বাসে উঠেছিলেন বলে স্থানীয়রা জানান।