হাটহাজারীতে অবৈধ দোকান উচ্ছেদে বাধা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় সড়কের পাশে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শুক্রবার দুপুরের এ ঘটনায় আহত হয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ও তার গাড়ির চালক। ভাংচুর করা হয়েছে তার গাড়িটিও।
স্থানীয় সাংবাদিকরা জানান, শুক্রবার সকালে হালদা নদীর দক্ষিণ পাড়ের কয়েকটি ইটভাটায় অভিযান চালাতে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান পান্না এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব।
মদুনাঘাট থেকে নদী পেরিয়ে তাদের অভিযানে যাওয়ার কথা ছিল। তাদের গাড়ি বহর মদুনাঘাট এলাকায় পৌঁছালে সেখানে সড়কের পাশে বসা অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু করেন ইউএনও।
এসময় বাজারের ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে গাড়িবহরে থাকা লোকজনকে ধাওয়া দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গাড়ি থেকে নামার পরপরই বাজারের লোকজন ধাওয়া দেয়। এসময় পড়ে গিয়ে পায়ে ও হাতে ব্যথা পাই।”
প্রভাতী দেবী অভিযোগ করেছেন, তার গাড়ি ভাংচুররের পাশাপাশি চালক খোরশদকেও মারধর করা হয়।
পরে কালুরঘাট ও গড়দুয়ারা হয়ে নদী পেরিয়ে ইটভাটায় অভিযানস্থলে যান তারা।
মদুনাঘাট বাজার কমিটির সভাপতি নুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কের পাশের এসব জমি স্থানীয় প্রশাসন থেকে ইজারা নেয়া।
“ইজারা নেয়া জমিতে ব্যবসায়ীরা দোকান করেছেন। ইউএনও অতর্কিতে এসে দোকানদারদের উচ্ছেদে অভিযান শুরু করেন। এতে দু’তিন জন ব্যবসায়ী আহত হয়েছেন।”
তবে জেলা মৎস্য কর্মকর্তাকে ধাওয়া এবং তার গাড়ি ভাংচুরের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন নুর আলম।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বলেন, ইউএনও সড়কের পাশের অবৈধ দোকান সরাতে বললে ব্যবসায়ীদের সঙ্গে বাক বিতণ্ডা হয় ও পরে ধাওয়ার ঘটনা ঘটে।
জেলা মৎস্য কর্মকর্তার আহত হওয়ার খবর শোনেননি বলে জানান তিনি।
