শাহবাগের শপথ প্রবাসেও
যুদ্ধাপরাধীদের সবোর্চ্চ শাস্তি ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে একাত্নতা প্রকাশ করে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরাও।
বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে তীব্র শীত উপেক্ষা করে জ্যাকসন হাইটস জড়ো হয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন সেখানে বসবাসরত বাঙালিরা।
শপথে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হোয়াইট হাউজ এবং কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে কোনো অপপ্রচার প্রতিহতের ঘোষণা দেন প্রবাসীরা।
জ্যাকসন হাইটসের শপথ অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। মূল সংগঠকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুৎফুন্নাহার লতা, মিনহাজ আহমেদ, জাকারিয়া চৌধুরী, আকবর হায়দার কিরন, স্যামী ওয়াহেদ প্রমুখ।
এছাড়া ওয়াশিংটন ডিসি, লসএঞ্জেলেস, লুইজিয়ানা, টেক্সাস, বস্টন ফিলাডেলফিয়া, ডালাস, নিউঅর্লিয়েন্সেও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীরা শাহবাগের সঙ্গে একাত্নতা প্রকাশ করে শপথ নেন।
