চট্টগ্রামে মলম পার্টির ছয় সদস্য গ্রেপ্তার
অটোরিকশায় যাত্রী ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় বুধবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ একই দলের ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশা যাত্রীদের কাছ থেকে গ্রেপ্তারকৃত ছিনতাইকারী দলের সদস্যরা টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে চোখে মরিচের গুঁড়ো কিংবা মলম লাগিয়ে দিত।
এরই ধারাবাহিকতায় সবশেষ গত সোমবারও নগরীর এক প্রবীণ শিক্ষকের কাছ থেকে তারা টাকা পয়সা ছিনিয়ে নেয়। এর পরপরই বিশেষ অভিযানে নামে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার রাতভর চলা এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- আলী আকবর (২৭), সেলিম হোসেন ফেরদৌস (৩২), মো রহিম (৩৭), আব্দুর রহিম (৩৮), মো. ইউসুফ (৩০) ও বাবুল হোসেন বাবু (৩১)।
ছয় ছিনতাইকারীকে আটক করা ছাড়াও তাদের কাছ থেকে একটি দেশে তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, ছুরিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নগরীর কোতয়ালী থানা এসআই কামরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাতে সিআরবি এলাকায় ফেরদৌস, আকবর, রহিম ও আব্দুর রহিমকে গ্রেপ্তার এবং তাদের স্বীকারোক্তির পর বন্দর থানার কাস্টমস ব্রিজ এলাকা থেকে ইউসুফ এবং বড়পুল থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে ইউসুফ ও বাবু ২০১১ সালের ৯ ডিসেম্বর বায়েজিদ থানার কুয়াইশ এলাকায় প্রকৌশলী নিজাম উদ্দিন হত্যা মামলার আসামি বলে এসআই কামরুজ্জামান।
কোতোয়ালী থানার এসআই কামরুজ্জামান, এসআই জহির হোসেন, এসআই ইলিয়াছ খান, এসআই. জাফর ইকবাল, এএসআই দিলীপ কান্তি দে ও এএসআই হামিদুল ইসলাম নগরীর বিভিন্ন এলাকায় বুধবার রাতের অভিযানের নেতৃত্ব দেন।
বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালী থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ছিনতাইকারী দলের আটক সদস্য ফেরদৌস জানান, তাদের দলের মধ্যে সে এবং ইউসুফ সিএনজি চালক। সকালে তারা যাত্রী পরিবহন করলেও সন্ধ্যার পর ছিনতাইয়ের কাজ করে।
২০০৮ সাল থেকে সে ‘মলম পার্টির’ সাথে জড়িত। এর আগে সে বন্দর থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই বছর জেল খাটে। পরে সে সেখান থেকে বাসা বদল করে বায়েজিদ থানা এলাকায় নতুন বাসা নিয়ে আবার ছিনতাই শুরু করে।
গত ১৫ দিনে দলটি ১৫টির বেশি ছিনতাই করে বলেও জানায় গ্রেপ্তার ফেরদৌস।
