২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাত-শিবিরের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

কুড়িগ্রাম,চাঁদপুর ও নীলফামারী জেলা থেকে জামাত-শিবিরের ৩২জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 08:31 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার এসব জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা প্রতিনিধিরা খবর পাঠিয়েছেন।

এর মধ্যে দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কুড়িগ্রামে ২৬ গ্রেপ্তার করা হয়।

চাঁদপুরে ৫জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে সাজা দেয়।

এছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে আগুন দেয়া ও নাশকতার মামলায় নীলফামারীর জলঢাকা থেকে এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম

জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধা হরতালে নাশকতা এড়াতে কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আটকের পর নির্বাচনী সহিংসতার বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সদর উপজেলার সাত জন,নাগেশ্বরীর চার জন,উলিপুরের চার জন,রাজারহাটের দুই জন,ভুরুঙ্গামারীর এক জন,চিলমারীর তিন জন,রাজিবপুরের দুই জন এবং রৌমারী উপজেলার তিন জন রয়েছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু বিডিনিউজস টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর

চাঁদপুরের শাহরাস্তিতে হরতালে পিকেটিং করায় জামাত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাসের করে কারাদণ্ড দেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আলম। সাজাপ্রাপ্তরা হলেন তাহমিদুল ইসলাম(২০),ওমর ফারুক(২২), কাউসার আলম(২০),মাহমুদুল মামুন(২৩) ও ইমরান হোসেন(১৯)।

শাহরাস্তি থানার ওসি মোজাম্মেল হক জানান,হরতালে চাঁদপুর-কুমিল্লা সড়কের মাওতা বাড়ি এলাকায় পিকেটিং করার সময় তাদের ধাওয়া করে আটক করে পুলিশ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির কর্মীরা ভোরে শহরের বাসস্ট্যাড ও ষোলঘর এলাকাসহ বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিলে পুলিশ গিয়ে তা নিভিয়ে দেয়।

“হরতালে দূরপাল্লার বাস-ট্রাক চলাচল বন্ধ থাকলেও ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে”, বলেন তিনি।

নীলফামারী

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র আগুন দেয়া ও সহিংসতার মামলায় জেলার জলঢাকা উপজেলা থেকে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কাঠালি ইউনিয়নের উত্তর দেশীবাই গ্রাম থেকে গ্রেপ্তার জামায়াত কর্মীর নাম মশিউর রহমান(৪৫)। সে একই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জলঢাকা থানার এসআই ফজলুর হক।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান,মশিউর দশম সংসদ নির্বাচনের আগের দিন ও ভোট গ্রহণের সময় ১নং দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও সহিংসতার মামলার ২নং আসামি।

৭ জানুয়ারী মশিউর রহমানসহ তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০/৬০জনকে আসামি করে এ মামলা করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম।