২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সাইফুল হত্যার প্রধান আসামির লাশ উদ্ধার

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 11:57 AM

Updated : 01 Sep 2026, 12:22 PM

সদর থানার এসআই গোলাম মোস্তফা জানান, বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাতি এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা সড়কের পাশে জবান আলীর (৩৫) লাশ পড়ে থাকতে দেখে টহল পুলিশ।

নিহতের শরীরের বেশ কয়েকটি গুলির চিহৃ রয়েছে বলে জানান তিনি।

সদর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে (৪০) গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলার প্রধান আসামি ছিলেন জবান আলী।

এর আগে ৩০ জানুয়ারি এই মামলার আরেক আসামি বাবলু মিয়া (২৭) র‌্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন। তিনি জবান আলীর অন্যতম সহযোগী ছিলেন বলে জানায় পুলিশ।

এসআই মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জবান আলীর বাড়ি সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা গ্রামে। তিনি সাইফুল হত্যা ছাড়াও সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও তার শ্যালক টিক্কা হত্যা মামলারও আসামি ছিলেন।

এছাড়া নৌপথে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

জবানের লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।