যতদূর এগিয়েছিলাম, ততদূর পিছিয়েছি: সাবেক সিইসি
জনগণ আস্থার পরিবেশের অভাব বোধ করায় দশম সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
৫ জানুয়ারি ভোটের দিন কোনো কোনো ক্ষেত্রে কারচুপির ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, “নবম সংসদের আগে নির্বাচনী আইন সংস্কারের কারণে এ ধরনের পরিবেশ রোধ করার সুযোগ হয়েছিল।
“কিন্তু আমরা যতদূর এগিয়েছিলাম, আবার ততদূর পিছিয়েছি।”
বুধবার বসুন্ধরা সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্যে ভোটার উপস্থিতি বাড়াতে জনগণের মাঝে আস্থার পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সাবেক এই সিইসি।
দশম সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এক বৈঠকেও হতাশার সুর ছিল শামসুল হুদার কণ্ঠে।
তিনি বলেছিলেন, এই নির্বাচন‘ভালো’ নির্বাচনের পথে একটি ব্যত্যয়।
বিএনপির বয়কটের মধ্যে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়ে।
এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্যে শামসুল হুদা তার সময়ের এবং আগের নির্বাচনের সঙ্গে গত নির্বাচনের তুলনা করেন।
“আগের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আস্থার সঙ্গে ভোটের বিধান ও নিশ্চয়তার যে জায়গাটি তৈরি হয়েছিল, এবারের নির্বাচনে অনাকাক্ষিত সব পরিবেশের কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে।”
ভোট বর্জনকরা বিরোধী জোটের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “নির্বাচন নিয়ে যেসব ঘটনা ঘটেছে, সে সব গণতন্ত্রের অগ্রযাত্রায় কাম্য ছিল না। কোনোভাবেই সন্ত্রাস এবং প্রতিহিংসা ক্ষমতায় যাওয়ার বাহন হতে পারে না।”
প্রতিহিংসা ও বিভাজন পরিহার করে ইতিবাচক রাজনীতিকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ২০০৭ থেকে পাঁচ বছর সিইসির দায়িত্ব পালনকারী শামসুল হুদা।
‘ভালো’ নির্বাচনের ধারায় ছেদ ঘটেছে: শামসুল হুদা
