ফরিদপুরে র্যাবকে ফাঁকি দিল মাদক ব্যবসায়ী
ফরিদপুরে ইয়াবাসহ আটক করার সময় র্যাবের হাত থেকে পালিয়ে গেছে দুই মাদক ব্যবসায়ী।
বুধবার বিকালে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
ফরিদপুর র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোজাম্মেল ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি দুর্ঘটনা মাত্র।
তিনি বলেন, র্যাবের একটি দল বিকালে ঝাটুরদিয়া বাজারে ক্রেতা সেজে ইয়াবা কিনতে মাদক ব্যবসায়ী আশরাফ ঠাকুরের কাছে যায়।
আশরাফ তাদেরকে সাধারণ ক্রেতা ভেবে তিনটি ইয়াবা দেয়। ইয়াবা নেয়ার পর র্যাবের দলটি তাকে হাতকড়া পরানোর সময় র্যাবের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যায় আশরাফ।
এ ঘটনার পর র্যাব আশরাফের সারের দোকানে তল্লাশি চালিয়ে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা আরো জানান, এ সময় দোকানে থাকা আশরাফের আত্মীয় সাব্বিরকে আটক করে গাড়িতে তোলার সময় সেও দৌড়ে পালিয়ে যায়।
