কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি
গত তিন বছরে সংখ্যা কমলেও দেশের কারাগারগুলোতে এখনো ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি রয়েছে।
বুধবার সংসদে এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, চাপ থাকলেও তাতে বন্দিদের স্বাভাবিক জীবন-যাপন বিঘ্নিত হচ্ছে না।
এক প্রশ্নের উত্তরে সংসদে জানানো হয়, দেশের ৬৮টি কারাগারে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আটক বন্দির সংখ্যা ৬৬ হাজার ৪৪৩ জন। এই কারাগারগুলোর ধারণক্ষমতা ৩৩ হাজার ৮২৪ জন।
বিরোধী জোটের নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপি অভিযোগ করে আসছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, গত এক মাসে বিরোধী জোটের ২৯ হাজার ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতাকে আটক করা হয়। তাদের অধিকাংশই জামিনে ইতোমধ্যে মুক্তি পেয়েছেন।
২০১১ সালে কারাবন্দির সংখ্যা ছিল বর্তমানের চেয়ে বেশি। ওই বছরের ২৩ ফেব্রুয়ারি সংসদে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বন্দির সংখ্যা জানিয়েছিলেন ৬৯ হাজার ৫০০।
তখন কারাগারগুলোর ধারণ ক্ষমতা ছিল ২৯ হাজার ২৪০ জন। তিন বছরে বন্দির সংখ্যা কমলেও কারাগারগুলোর ধারণ ক্ষমতা সাড়ে ৪ হাজার বেড়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান বলেন, “বন্দির সংখ্যা ধারণ ক্ষমতার বেশি হলেও বন্দিরা স্বাভাবিক জীবন-যাপন করছেন এবং জনাধিক্যের কারণে কোনো বন্দি রোগাক্রান্ত হয়নি।”
তিনি সংসদে আরো জানান, ২০১৫ সালের মার্চের মধ্যে বিদেশে কর্মরত বাংলাদেশিসহ সব নাগরিকদের যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেয়া সম্ভব হবে।
ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধের রায় জুনে
চলতি বছরের জুন মাসে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এই রায় বাংলাদেশের পক্ষে আসবে বলেও আশা করছেন তিনি।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আশা করা যায়, ২০১৪ সালের জুন মাসে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় ঘোষিত হবে, এর মাধ্যমে দুই দেশের সমুদ্রসীমা সংক্রান্ত মামলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।”
২০১২ সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধে জয় পায় বাংলাদেশ।
শাহরিয়ার জানান, ভারতের সঙ্গে বাংলাদেশে বিরোধপূর্ণ সমুদ্রসীমা ২৫ হাজার বর্গ কিলোমিটার।
আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তান পার্লামেন্টে ‘নিন্দা প্রস্তাব’ নিয়ে সরকারের পদক্ষেপগুলোও এক প্রশ্নের জবাবে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ওই ঘটনার পর ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার আফ্রাসিয়াব মেহেদি হাশমিকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয় বলে জানান তিনি।
জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসির পর বহির্বিশ্বে তা নিয়ে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি জানিয়ে আশরাফুল আলম বলেন, “কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে,যা মূলত মৃত্যুদণ্ডাদেশ পরিহারের অনুরোধজ্ঞাপক।”
