২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের মামলায় যুক্তিতর্ক ১২-১৩ ফেব্রুয়ারি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফের মামলায় ১২ ও ১৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার উভয়পক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

এদিন ইউসুফের পক্ষে সবশেষ সাফাই সাক্ষ্য দেন তার ছেলে মাহবুবুর রহমান।

সাক্ষ্যে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তার বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৯৭২ সালে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা শেখ মুজিবুর রহমানের আমলেই নিষ্পত্তি হয়ে গিয়েছিল।

“তিনি (একেএম ইউসুফ) হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ কোনো ধরনের মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন না।”

পরে তাকে জেরা করেন প্রসিকিউটর হায়দার আলী। জেরা শেষে আসামিপক্ষ আর কোনো সাফাই সাক্ষী নেই বলে জানালে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করা হয়।

গত ৩০ জানুয়ারি এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। ওইদিনই তিনজন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দেয় ট্রাইব্যুনাল।

২০১৩ সালের ১ অগাস্ট হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ ৪ ধরনের ১৩টি অভিযোগে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এর মধ্যে ৫টি হত্যা, ৭টি গণহত্যা এবং অগ্নিসংযোগ ও একটি লুটপাটের অভিযোগ রয়েছে।

একই বছরের ২২ এপ্রিল ইউসুফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশনের তদন্ত দল।

১২ মে অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১। এর ঘণ্টাখানেকের মধ্যে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

৩ জুলাই ইউসুফের বয়সের কথা চিন্তা করে তাকে আদালতে আনা-নেয়ার সময় স্বাস্থ্যসম্মত যান ব্যবহার করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-২।

বয়স ও স্বাস্থ্যের পরিস্থিতি বিবেচনা করে গত ১৫ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরা দেয়া থেকে ইউসুফকে অব্যাহতি দেয়া হয়।