মাওলানা সাখাওয়াতের তথ্য ট্রাইব্যুনালে পাঠাচ্ছে ইসি
জাতীয় পার্টির নেতা সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনের ‘ব্যক্তিগত তথ্য’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরে তদন্ত সংস্থাকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন, একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে যার বিরুদ্ধে তদন্ত চলছে।
এর আগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের ক্ষেত্রেও ট্রাইব্যুনালে পাঠিয়েছিল নির্বাচন কমিশন।
বর্তমানে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে থাকা সাখাওয়াত এক সময় ছিলেন জামায়াত নেতা। ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। কিন্তু মেয়াদপূর্তির আগেই জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেন।
মাওলানা সাখাওয়াত নামেই বেশি পরিচিত এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে এলডিপি ও পিডিপিতেও ঘুরে এসেছেন। গত সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নও পেয়েছিলেন।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান এক চিঠিতে নির্বাচন কমিশনকে জানান, সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তিনি ১৯৭১ সালে মুক্তিযদ্ধের সময় দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে রাজাকার বাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন এবং যশোর জেলার কেশবপুর উপজেলায় অগ্নিসংযোগ, লুট, মুক্তিযোদ্ধাদের নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, সাখাওয়াত হোসেনের বাবার নাম ওমর আলী, গ্রাম হিজলডাঙ্গা, থানা কেশবপুর, জেলা যশোর।
জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীক নিয়ে ১৯৯১ সালে নির্বাচনে তিনি বিজয়ী হন। ১৯৯৬ সালে বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন। ২০০১ সালের সপ্তম সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করে আবারো পরাজিত হন।
২০০৬ সালে অলি আহমেদের এলডিপিতে যোগ দিলেও পরের বছর দেশে জরুরি অবস্থা জারির পর তিনি যোগ দেন ফেরদৌস আহম্মেদ কোরেশীর পিডিপিতে। পরে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করা হলে এরশাদের জাতীয় পার্টিতে ভিড়ে যান।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০০৯ সালে যশোরে সাখাওয়াতের বিরুদ্ধে চারটি মামলা হয়। ওই বছর জুন মাসে তাকে কেশবপুর থেকে গ্রেপ্তারও করা হয়। তবে পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যান।
