বাহুবলে ডাকাতের পিটুনিতে গৃহকর্তা নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি বাড়িতে ডাকাতির সময় বাধা দেওয়ায় গৃহকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে দক্ষিণ স্নানঘাট গ্রামে এ ঘটনা নিহত ফরিদ উল্লাহ (৪০) স্থানীয় আলতাফ উল্লার ছেলে।
বাহুবল মডেল থানার ওসি অহিদুর রহমান জানান, ভোর ৪টায় ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত ফরিদ উল্লাহ বাড়িতে ঢোকে।
এরপর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
এ সময় গৃহকর্তা ফরিদ উল্লাহ বাধা দিলে ডাকাতদল তাকে প্রচণ্ড মারধর করে ঘটনাস্থলেই মেরে ফেলে। বাড়ির লোকজনের চিৎকার শুরু করলে ডাকাতদল পালিয়ে যায়।
ওসি আরো বলেন, পরে খবর পেয়ে বেলা ১২টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে।
