তলবে হাজির না হওয়ায় গ্রেপ্তারের নির্দেশ
দফায় দফায় তলব করার পরও আদালতে হাজির না হওয়ায় সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শোয়েব চৌধুরীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
ওই শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে করা একটি রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
শোয়েব চৌধুরীকে গ্রেপ্তার করে আগামী ১২ ফেব্রুয়ারি আদালতে হাজির করতে রমনা থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি যুবলীগের কেন্দ্রীয় নেতা।
একইদিন তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককেও আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত।
আদালতে রিট আবেদনকারীপক্ষে শুনানি করেন ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
আদালতের আদেশের পর আইনজীবী ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, “বারবার তাকে তলব করার পরও আদালতে হাজির না হওয়ায় তাকে গ্রেপ্তারের আদেশ দেয়া হয়েছে।”
বিশ্বজিত রায় বলেছেন, শোয়েব ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নন, সদস্য।
সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল ও কলেজ মাঠে স্থাপনা নির্মাণকে চ্যালেঞ্জ করে সিদ্ধেশ্বরী অ্যাপার্টমেন্ট ও বাড়ি মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলামের দায়ের করা একটি রিট আবেদনে ২০১৩ সালের ১৯ জুন হাই কোর্ট একটি রুল দেয়।
পাশাপাশি ওই মাঠে স্থাপনা নির্মাণ না করারও নির্দেশনা দেয় উচ্চ আদালত।
ওই সময় ইউনুস আলী বলেছিলেন, মৌচাক-মগবাজার ফ্লাইওভার নির্মাণকাজের যন্ত্রপাতি রাখার কথা বলে ২০১৩ সালের ২১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ২১ জানুয়ারি সময়ের জন্য ওই মাঠ ঠিকাদার প্রতিষ্ঠান তমা গ্রুপকে ইজারা দেয়া হয়।
অথচ বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পরিচালনা পরিষদের বিধি অনুসারে কোনো স্কুলের কোনো সম্পত্তি হস্তান্তর করার ক্ষমতা পরিচালনা পর্ষদকে দেয়া হয়নি।
তিনি বলেন, “ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পাশাপাশি ওই মাঠে এলাকার ছেলে-মেয়েরা খেলাধুলা করে। এখানে দুই ঈদের নামাজ হয়, জানাজার নামাজ হয়। কিন্তু লিজ দিয়ে দেয়ায় এ সব কাজে বিঘ্ন হচ্ছে।”
