জমি নিয়ে বিরোধে ভাতিজাকে খুন
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিরোধপূর্ণ জমিতে বোরো ধানের চারা রোপন করতে গিয়ে চাচার ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ময়েনপুর ইউনিয়নের গ্যানারপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া (২৫) ময়েনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আলম মণ্ডলের ছেলে।
ময়েনপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সামসুল আলম মণ্ডলের সঙ্গে চাচাতো ভাই তারিফুল ইসলাম চঞ্চলের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে সেই জমিতে চারা রোপন করতে যায় সামসুল আলমের ছেলে নয়ন।
“এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নয়নের পেটে ছুরিকাঘাত করে চঞ্চল। এতে ঘটনাস্থলেই মারা যায় নয়ন।”
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে। ঘটনার পর চঞ্চল গা ঢাকা দিয়েছে।
এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
