২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের পথে মহাসড়কে প্রাণ গেল ২ শিশুর

রাজশাহীর পুঠিয়ার স্কুলে যাওয়ার সময় মাইক্রোবাস চাপায় মারা গেছে দুই শিশু।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 01:15 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গাওপাড়ায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- উপজেলার সেনভাগ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে বীথি আক্তার তৃষা (৭) ও একই এলাকার জাফর আলীর মেয়ে তানজিলা আক্তার বর্ষা (৭)।

তারা দুজনেই গাঁওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

হাইওয়ে পুলিশের বানেশ্বর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল বলেন, স্কুলে যাওয়ার সময় মহাসড়ক পার হতে গেলে নাটোরগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে এলাবাসীর সহযোগিতায় পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এর পর এলাকাবাসীসহ ওই স্কুলের ছাত্রছাত্রীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

তিনি বলেন, সোয়া ১১টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমেদ ও পুঠিয়া থানার ওসি আবু ওবাইদা খান ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস চালককে গ্রেপ্তার ও ওই স্থানে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

খবর পেয়ে জেলা শিক্ষা অফিসার নাফিসা বেগমসহ উপজেলা শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।