১৩ মেডিকেল ও এক ডেন্টাল কলেজের কার্যক্রম স্থগিতের নির্দেশ
১৩টি বেসরকারি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজের একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
মেডিকেল কলেজগুলোর প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে অনুমোদন নেয়া প্রতিষ্ঠানও রয়েছে।
কার্যক্রম স্থগিত হওয়া মেডিকেল কলেজগুলো হলো- রংপুরের কছির উদ্দিন মেমোরিয়াল, কিশোরগঞ্জের আবদুল হামিদ, খুলনার আদ-দ্বীন, খুলনা সিটি, রাজশাহীর শাহ মখদুম, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা, ঢাকার গুলশানের ইউনাইটেড, মোহাম্মদপুরের কেয়ার, মহাখালীর ইউনিভার্সেল, চট্টগ্রামের মেরিন সিটি, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, আইআইএমসিএইচ ও সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ।
তালিকায় একমাত্র ডেন্টাল কলেজ হলো রাজধানীর উত্তরার ইউএস ডেন্টাল কলেজ।
এসব প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমোদন প্রক্রিয়া পুনরায় পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।
নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের ১২টি মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন বাতিলের সিদ্ধান্ত জানানোর দুই সপ্তাহের মধ্যে এই সার্কুলার জারি করা হলো।
গত ২১ জানুয়ারি মন্ত্রণালয়ে এক বৈঠকে ১২টি বেসরকারি মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন বাতিলের সিদ্ধান্ত হয়।
ওই বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, এসব মেডিকেলের অনুমোদন প্রক্রিয়ায় ‘ঘাটতি’ ছিল।
সে সময় অনুমোদনের বিষয়টি আবার পর্যালোচনা করে দেখার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
ওই ১২টির সঙ্গে মঙ্গলবার জারি করা সার্কুলারে নতুন যুক্ত হয়েছে আইআইএমসিএইচ মেডিকেল কলেজ ও ইউএস ডেন্টাল কলেজের নাম।
স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আ ফ ম রুহুল হক থাকার সময় এর অধিকাংশকে দলীয় বিবেচনায় অনুমোদন দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।
দেশে ২৩টি সরকারি ও ৫৪টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে গত বছরের অক্টোবরে নতুন মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন দেন রুহুল হক।
মেডিকেল কলেজগুলো পরিদর্শনের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে চারটি কমিটিও গঠন করেছে সরকার।
