২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার ৫ মাস পর গ্রেপ্তার

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পাঁচ মাস পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 10:47 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুইয়ার আদালতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন মোহাম্মদ সেলিম (৩০)।

সোমবার সন্ধ্যায় নগরীর বাকরিয়া থানার খাজা রোড এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ৯ সেপ্টেম্বর  বলিরহাট এলাকার একটি খাল থেকে গৃহবধূ আরজু আক্তারের (২২) লাশ উদ্ধার করা হয়।

তখন ঘটনাটিকে আত্মহত্যা উল্লেখ করে থানায় একটি অপমৃত্যু মামলাও করেন নিহতের ভাই সাইফুল্লাহ।

ওসি মহসিন জানান, সেসময় সেলিম বিষয়টি আত্মহত্যা বলে জানিয়েছিলেন। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হলে গত ২১ জানুয়ারি পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে।

সোমবার গোপন সংবাদ পেয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়, বলেন ওসি।

তিনি বলেন, গত বছর ৯ সেপ্টেম্বর বলিরহাটের বাসায় ঝগড়ার এক পর্যায়ে সেলিম  স্ত্রী আরজুকে পিড়ি দিয়ে আঘাত করেন। পরে আরজুর পরনের শাড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

ঘটনা ধামাচাপা দিতে বাসার পেছনের খালে আরজুর লাশ ফেলে দেন সেলিম।

মামলায় সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মহসিন।