ফরিদপুরে সড়কের ১৬টি গাছ কর্তন
ফরিদপুর-সালথা সড়কের দুপাশে থাকা অন্তত ১৬টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
গত তিন রাতে কাটা এ গাছগুলোর মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে স্থানীয়রা জানায়।
স্থানীয়রা জানান, ফরিদপুর-সালথা সড়কের মাদ্রাসা গট্টি থেকে মেম্বর গট্টি পর্যন্ত এলাকায় ১৬টি শিশু গাছ গত শনিবার, রোববার ও সোমবার রাতে কেটে নিয়ে যায় দৃর্বৃত্তরা।
এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সড়কের গাছ কাটায় জড়িত থাকলেও প্রশাসন এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পারেনি বলে স্থানীয়রা অভিযোগ করেন।
সালথা থানার ওসি তোতা মিয়া জানান, রাস্তার পাশের গাছ কাটার বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যারা গাছগুলো কেটেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
