ব্যাংকের টাকা চুরি: ২ আসামি রিমান্ডে
সুড়ঙ্গ করে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির ঘটনায় দুই আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিদুল ইসলাম।
আসামিরা হলেন- মাহিমা খাতুন (চুরির মূল পরিকল্পনাকারী সোহেল ওরফে হাবিবের স্ত্রী) এবং টাকা বহনকারী ট্রাক চালকের সহকারী আলমগীর।
মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে বিচারক তিনদিন মঞ্জুর করেন।
কিশোরগঞ্জে চুরির ঘটনাটি ঘটে গত ২৬ জানুয়ারি। ব্যাংকের ভল্ট থেকে শুরু হওয়া প্রায় ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গের অন্য প্রান্তটি পাওয়া যায় পাশের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে।
তাৎক্ষণিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হন আট পুলিশ সদস্য। রাতেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করে পুলিশ।
দুদিন পর ২৮ জানুয়ারি টাকার পাঁচটি বস্তাসহ রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুরের বালুর মাঠ সংলগ্ন একটি বাড়ি থেকে মুল হোতা হাবিব ও তার সহকারী ইদ্রিসকে গ্রেপ্তার করে র্যাব।
পরে ১ ফেব্রুয়ারি ঢাকার যাত্রাবাড়ি থেকে হাবিবের স্ত্রী মাহিমাকে আটক করে পুলিশ। পরদিনই ময়মনসিংহ থেকে আটক করা হয় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা ট্রাক চালকের সহকারী আলমগীরকে।
