জাফলংয়ে অবৈধ পাথর তোলার যন্ত্র ধ্বংস
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের অভিযোগে দুইটি ‘বোমা’ মেশিন ধ্বংস করেছে টাস্কফোর্স।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জাফলং পাথর কোয়ারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।
মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, পিয়াইন নদীতে দুটি বোমা মেশিন নষ্ট করা হয়েছে। পাশাপাশি মন্দিরের জুম সংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন,“ অবৈধ পন্থায় পাথর উত্তোলন কারীদের বিরুদ্ধে মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।”
অভিযানকালে মন্দিরের জুম এলাকায় দুইটি পাথর উত্তোলনের গর্ত বন্ধ করে দেয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান, পরিদর্শক আবুল মনসুর, গোয়াইনঘাট থানার ওসি মো. শফিকুর রহমান খান, বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হাবিলদার মিন্টু মোল্লা।
