শ্রীপুরে প্রার্থী বাছাইয়ে ভোট আ. লীগের
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের ভোট নিয়েছে আওয়ামী লীগ।
নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা সদরে একটি বাড়িতে গোপন ব্যালটে ভোট দেন দলের নির্ধারিত কাউন্সিলররা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল জানান, দলের একক প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য এবং সহযোগী সংগঠনের ২২৭ ভোটারের মধ্যে ১৯৯ জন ভোট দিয়েছেন।
রাত সোয়া ১০টায় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন আহমেদ।
এ নির্বাচনের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন গাজীপুর দলের জেলা উপদেষ্টা পরিষদের সদস্য আবু আক্তার হোসেন খান ভুলু এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমীর হামজা।
চেয়ারম্যান পদে মনোনয়ননের জন্য উপজেলার তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান। তিনি পান ৯৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল ১১৩ ভোট পেয়ে প্রার্থী নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা কৃষক লীগের সভাপতি আকবর আলী চৌধুরী পান ৭৩ ভোট।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যন লুৎফুন্নাহার মেজবাহ ১০৪ ভোট পেয়ে প্রার্থী নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিদা খন্দকার পান ৬৩ ভোট।
নির্বাচনের সময় স্থানীয় সাংসদ মো. রহমত আলী উপস্থিত ছিলেন।
তবে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ এবং ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রউফ তৃণমূলের নির্বাচনে অংশ নেননি।
এ ব্যাপারে ইকবাল হোসেন সবুজ বলেন, নির্বাচনের বিষয়টি তাদের জানানো হয়নি। তারা এ অভিযোগ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজমত উল্লাহকে দিয়েছেন।
আজমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
