২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সদরে ৭ জনের মনোনয়ন বাতিল

বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সাত জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 05:49 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যথাযথ তথ্য না দেয়ায় চারজন চেয়ারম্যান, দুজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও একজন নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নি অফিসার।

চেয়ারম্যান প্রার্থী যারা টিকেছে- বরিশাল কোতয়ালী বিএনপি-র সভাপতি এনায়েত হোসেন বাচ্চু ও যুবদল নেতা জাকির হোসেন নান্নু, আওয়ামী লীগ সমর্থিত বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসাইন।

বাদ পড়লেন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম,  আনসার আলী হাওলাদার, ইসলামী আন্দোলনের সৈয়দ নূরুল করিম ও কাওছার বিন ইছাহাক।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন সহিদুল ইসলাম, শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ, আনোয়ার হোসেন ও মাসরুল আলম নাসির মিয়া।

বাদ পড়লেন মামুন অর রশিদ ও শাহাদাত হোসাইন,

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন জান্নাতুল ফেরদৌস, সৈয়দা আতিয়া বেগম ও  রেহানা বেগম।

বাদ পড়লেন পারুল বেগম।

গত ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার দুলাল তালুকদার বলেন, “তথ্য গোপন ও তথ্যে ভুল থাকায় চেয়ারম্যান প্রার্থী মনিরুল, আনসার, কাওছার ও নূরুলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

“একই কারণে ভাইস চেয়ারম্যান প্রার্থী মামুন, শাহাদাত ও পারুরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”

এদিকে প্রথম দফায় নির্বাচনে বরিশাল গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সেখানে আগামী ১৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী বরিশাল সদর উপজেলার নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি।