২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ফেনীর পরশুরামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের উপর হামলার প্রতিবাদে ডাকা হরতালের মধ্যে দলটির এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 05:45 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

পরশুরাম মডেল থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে পৌরসভার গুতুমা চৌমুহনী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত নুরুল ইসলাম (৫৫) পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক।

তাকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বিএনপি এই হামলার জন্য সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দায়ী করেছে।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সামছুল আলম শাকিল বলেন, হরতাল চলাকালে গুতুমা চৌমুহনী এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য ইয়াসিন শরীফ মজুমদারের নেতৃত্বে ছাত্র ও যুবলীগের সশস্ত্র কর্মীরা নুরুল ইসলামকে দোকান থেকে তুলে নিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান শাকিল।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াসিন শরীফ মজুমদার এই ঘটনার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানেন না বলেও দাবি করেছেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অসিম কুমার সাহা জানান, নুরুল ইসলামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত নয়।

পরশুরাম মডেল থানার ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার দুপুরে পরশুরামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আবু তালেবসহ ২৫ জন আহত হন।