২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে গৃহবধূকে ‘পুড়িয়ে হত্যার চেষ্টা’

ঝালকাঠীতে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী ও দেবরকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 04:42 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার রাতে সদর উপজেলার বঙ্কুরা গ্রামে এ ঘটনায় দগ্ধ খাদিজা বেগমকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- খাদিজার স্বামী বঙ্কুরা গ্রামের আমির হোসেনের ছেলে ফরিদ হোসেন (৩০) ও দেবর মিজানুর রহমান (২৫)।

ঝালকাঠী অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গৃহবধূকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে আনা হলে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া খবরে পুলিশ স্বামী ও দেবরকে আটক করেছে।

গৃহবধূর সঙ্গে তার পরিবারও ঢাকায় যাওয়ায় থানায় অভিযোগ দায়ের হয়নি।

তবে পুলিশ এ ঘটনায় আইনি পদক্ষেপ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

খাদিজার চাচাতো ভাই ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বছর আগে পারিবারিকভাবে  খাদিজা ও ফরিদের বিয়ে হয়।

তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন খাদিজার উপর নানা নির্যাতন করে আসেছে। ঘটনার রাতে স্বামী ও দেবর ঘুমন্ত অবস্থায় তার বোনের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে।

“জীবন বাঁচাতে বাড়ির পুকুরে ঝাঁপ দেয় বলে খাদিজা তাদের জানিয়েছেন,” বলেন তিনি।

এদিকে, ঝালকাঠী সদর থানায় আটক স্বামী ফরিদ হোসেনের দাবি আত্মহত্যার উদ্দেশ্য গায়ে আগুন দিয়েছেন খাদিজা।