২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ।  

ঝিনাইদহ প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 04:35 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

বিজিবি ৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, মঙ্গলবার ভোরের দিকে ভারতের ৫০০ গজ ভিতরে রামনগর গ্রাম থেকে তাদের আটক করে হাঁসখালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কাটাতারের বেড়া কাঁটার যন্ত্রপাতিও পাওয়া যায়।

আটকরা হলেন- বাবুল মণ্ডল, ছটু মণ্ডল, সুলতান, তুহিন ও কামাল হোসেন। তারা সবাই গরু ব্যবসায়ী। এদের  বাড়ি মহেশপুরের মাইলবাড়িয়া ও খোশালপুর গ্রামে।

তাদের দেশে ফেরত আনার বিষয়ে বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা।

এ বিষয়ে বিজিবি কর্মকর্তা মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পতাকা বৈঠকে বিএসএফ বলেছে, তাদের যেহেতু পুলিশ আটক করেছে তাই এ বিষয়ে বিএসএফের কিছু করার নেই।”

আটকদের হাঁসখালী থানায় রাখা হয়েছে। তাদের ভারতের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।