২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সরস্বতী প্রতিমার হাট

বিদ্যার দেবী সরস্বতী পূজা মঙ্গলবার।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 10:57 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

এ পূজাকে কেন্দ্র করে দেশের অন্যান্য স্থানের মতো শেরপুরের পাড়া ও মহল্লার বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাসা বাড়িতে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে।

দেবী সরস্বতীর মূর্তি বেচাকেনার জন্য শেরপুর শহরের মা ভবতারা কালী মন্দির ও রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে বসেছে নানা আকার-আকৃতি ও রংবেরংয়ের প্রতিমার হাট।

প্রতিমার কারিগররা শেষ সময়ে সরস্বতী প্রতিমার সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মঙ্গলবার ভোর ৫টার মধ্যে প্রতিমার সব ধরনের কাজ শেষ হবে বলে কারিগররা জানিয়েছেন।

সোমবার সকাল থেকেই এই দু’টি মন্দিরের প্রাঙ্গণে প্রতিমার হাটে প্রতিমা কেনার জন্য গ্রাহকরা ভির করছেন।

রঘুনাথ বাজার মুক্তি সংঘের পূজারি পাপ্পু ভৌমিক ও সজবরখিলার রূপায়ন ক্লাবের সঞ্জয় পাল জানান, বিদ্যার দেবীর পূজা-অর্চনার জন্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শেরপুরে এবার মন্দির, ক্লাব ও বাসা বাড়িসহ সব মিলিয়ে সাত শতাধিক স্থানে পূজা অনুষ্ঠিত হবে বলে তারা জানান।

প্রতিমার কারিগর দিলীপ পাল ও হারাধন পাল জানান, উপকরণের দাম বেশি হওয়ায় প্রতিমা তৈরি করে  তাদের পোষাচ্ছে না।

এবার প্রতিমার হাটে আকারভেদে ছোট, মাঝারি ও বড় প্রতিটি প্রতিমা দুশ, চারশ, পাঁচশ, সাতশ আটশ, এক হাজার এবং সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

টাঙ্গাইলে প্রতিমা মেলা

সরস্বতী পূজা উপলক্ষে টাঙ্গাইল বড় কালীবাড়ী প্রাঙ্গণে বসেছে প্রতিমা মেলা।

সোমবার সকাল হতে এ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত চলবে।

মেলায় ছোট-বড় বাহারী ডিজাইনের সরস্বতী প্রতিমা বেচা-কেনা হচ্ছে। প্রতিমা ছাড়াও ফুল-ফলসহ পূজার যাবতীয় সরঞ্জামও বেচা-কেনা হচ্ছে মেলায়।

জেলার বিভিন্ন স্থান হতে আসা পূজারীরা প্রতিমা এবং পূজার উপকরণ কিনে নিয়ে যাচ্ছে মেলা থেকে।