চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিতণ্ডায় শুনানি মুলতবি
চট্টগ্রামে একটি আদালতে রাষ্ট্রপক্ষের দুই আইনজীবীর মধ্যে ‘বিতণ্ডা’য় চাঞ্চল্যকর বাঁশখালীর ১১ হত্যামামলার কার্যক্রম পিছিয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হ্লা মং-এর আদালতে বিরোধে জড়ান জেলা আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুলী (পিপি) আবুল হাশেম ও অতিরিক্ত জেলা পিপি মো. নাছির উদ্দিন চৌধুরী বিবাদে জড়ান।
একারণে বিচারক আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন।
বিবাদের জের ধরে সংশ্লিষ্ট আদালতে মামলা পরিচালনার দায়িত্ব থেকে অতিরিক্ত পিপিকে অব্যাহতি দিয়েছেন বলেও দাবি করেছেন পিপি।
অন্যদিকে অতিরিক্ত জেলা পিপি এবিষয়ে আইন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঞ্চল্যকর বাঁশখালী ১১ হত্যা মামলা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। সেখানে নির্ধারিত মেয়াদে মামলার কার্যক্রম শেষ না হওয়ায় আবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি ফেরত আসে।
“কিন্তু আমাকে কিছু না জানিয়েই অতিরিক্ত পিপি নাছির উদ্দিন মামলার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেন। সোমবার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন সাক্ষীও হাজির করেন।
“মামলার কার্যক্রম শুরু হয়েছে জানতে পেরে আমি ছুটে যাই এবং আদালতের কাছে সাক্ষ্যগ্রহণ না করার অনুরোধ জানাই।”
বিতণ্ডায় জড়ানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “আমাদের মধ্যে অপ্রীতিকর কিছুই হয়নি। তবে আদালত আমার আবেদনের প্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দিয়েছেন।”
এবিষয়ে অতিরিক্ত পিপি মো. নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাক্ষ্যগ্রহণ শুরুর মুহূর্তে পিপি সাহেব ছুটে এসে উচ্চস্বরে গালাগালি করতে থাকেন।
“আমি তাকে আদালতের ভাষায় কথা বলার অনুরোধ করলেও তিনি তা শুনেননি। পরে আদালত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন।”
নাছির উদ্দিন বলেন, “উনি আগে থেকে বললে এমামলার বিষয়ে অবশ্যই তাকে অবহিত করতাম।
“আদালতের নিয়ম না মেনে তিনি সাক্ষ্যগ্রহণ থেকে আমাকে বিরত রাখার চেষ্টা করেছেন। এবিষয়ে আইন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছি।”
এবিষয়ে আবুল হাশেম বলেন, পিপি হিসেবে ক্ষমতাবলে আমি অতিরিক্ত পিপি নাছির উদ্দিনকে ওই আদালতে কোনো মামলার কার্যক্রমে অংশগ্রহণ থেকে অব্যাহতি দিয়েছি।
এবিষয়ে নাছির উদ্দিন বলেন, আমি অব্যাহতির বিষয়ে লিখিত কিছু রাত ৯টা পর্যন্ত হাতে পাইনি।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শলিপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পুরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
২০১১ সালের ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
এরপর ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি কৌসুলি আগের ধারা বাদ দিয়ে সম্পত্তি দখলের জন্য পরিকল্পিত হত্যার অভিযোগ গঠনের আবেদন করেন।
এর প্রেক্ষিতে ২০১২ সালের ১৯ এপ্রিল এ ঘটনায় হত্যা মামলায় ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
এরপর মামলাটি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ায় সেটি আবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফেরত আসে।
