২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ৩ গাড়ির সংঘর্ষ, ব্যাংকার নিহত

ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস, ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একটি বেসরকারি ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 11:42 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এহসানুল কবির (৬৫) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার বাড়ি ঢাকার শ্যামলীতে।

মুকসুদপুর থানার ওসি ফেরদাউছ হোসেন জানান, দুর্ঘটনায় এহসানুলের স্ত্রী রাশিদা কবির, তার মেয়ে বৃষ্টি, ছেলে আলভি, ছেলের বউ শারমিন ও তাদের আত্মীয় সুমি এবং প্রাইভেটকারের চালক মুনসুর আহত হয়েছেন।

তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লন্ডনপ্রবাসী মেয়ে ঊর্মি কবিরের শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ভোরে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন এহসানুল।

পথে হামিম পরিবহনের একটি বাস পেছন দিক থেকে তাদের বহনকারী প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। একই সময় বিপরীত দিক থেকে আরেকটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এহসানুল।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।