২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএমএমইউ কর্মকর্তাকে হত্যার হুমকি

এক রোগীর অভিভাবকের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে কাজ থেকে বাদ ও পুলিশে দেয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে দৈনিক মজুরির ভিত্তিকে কাজ করা এক এমএলএসএস (ক্লিনার)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 07:03 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার বিএসএমএসইউ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোগীর অভিভাবকের লিখিত অভিযোগে গত ২১ জানুয়ারি এমএলএসএস স্বপন দাসকে শাহবাগ থানা পুলিশে দেয় বিএসএমএসইউ কর্তৃপক্ষ। তবে ওই দিনই তাকে ছেড়ে দেয় পুলিশ।

থানা থেকে ছাড়া পাওয়ার পর থেকে স্বপন বিএসএমএমইউ’র কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারকে হত্যা ও দেখে নেয়ার হুমকি দিয়েছে আসছে বলেও এতে অভিযোগ করা হয়।

এতে আরো বলা হয়েছে, এ বিষয়ে শনিবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, স্বপন সন্ত্রাসী প্রকৃতির এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দালাল চক্রের সঙ্গেও জড়িত।

হাসপাতালের নাক-কান-গলা বিভাগের দৈনিক মজুরি ভিত্তিতে এমএলএসএস (ক্লিনার) হিসেবে চাকরিরত অবস্থায় অফিসের কাজ ঠিকমত না করায় ও রোগীদের কাছ থেকে টাকা নেয়ার কারণে গত ডিসেম্বরে তাকে বাদ দেয়া হয়।

“সর্বশেষ ফ্রি বেডে ভর্তির কথা বলে আসাদুজ্জামান নামে এক রোগীর অভিভাবকের কাছ থেকে দুই হাজার টাকা নেয় এবং লিখিত অভিযোগে পেয়ে গত ২১ জানুয়ারি স্বপনকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

অভিযোগ করা হয়েছে, স্বপন ছাড়া পাওয়ার পর থেকেই বিএনপি সমর্থিত সাবেক ওয়ার্ড কমিশনার খাজা হাবিবের লোক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয় দিয়ে কাদের নামে এক সন্ত্রাসীকে দিয়ে ফোন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা প্রশান্তকে হত্যা ও দেখে নেয়ার হুমকি দিচ্ছে।